দেশের আলোচিত তিনটি হত্যা মামলার চূড়ান্ত আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নারায়ণগঞ্জের সাত খুন মামলার শুনানি হবে ১৭ নভেম্বর, বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ২৪ নভেম্বর এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ১ ডিসেম্বর।
ছবি: ডেইলি ওয়াদা
রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এসব তারিখ নির্ধারণ করেন বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে তিনি বলেছিলেন, আদালতের ছুটি শেষে কার্যক্রম শুরু হলে দ্রুত শুনানি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনটি মামলারই বিচারিক আদালতের রায়ের পর উচ্চ আদালতের কার্যক্রম সম্পন্ন হয়েছে; আপিল ও ডেথ রেফারেন্স শুনানির পর হাইকোর্ট আসামিদের মৃত্যুদণ্ডসহ অন্যান্য শাস্তি বহাল রেখেছে।
সাত খুন মামলা
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
সিনহা হত্যা মামলা
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আবরার ফাহাদ হত্যা মামলা
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট আপিল ও ডেথ রেফারেন্স শুনানির পর এই দণ্ড বহাল রাখেন।
তিনটি মামলাই এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে; তারিখ নির্ধারণের মধ্য দিয়ে দীর্ঘদিন আটকে থাকা এই মামলাগুলোর নিষ্পত্তির পথে অগ্রগতি হলো।