প্রশিক্ষণের সময় দাবানলের মতো ছড়িয়ে পড়া আগুনে কানাডার একটি সেনাঘাঁটিতে চার সেনাসদস্য নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে আলবার্টা প্রদেশের কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়াইনরাইটের প্রশিক্ষণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কানাডার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিবিসি। শান্তিকালীন সময়ে দেশের মাটিতে সশস্ত্র বাহিনীর জন্য এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
ছবি: এএফপি
নিহত চারজনের পরিচয় প্রকাশ করেছে সিবিসি। তারা হলেন এডমন্টনের সার্জেন্ট মরগান ওং, সাসকাচুয়ানের প্রিন্স আলবার্টের প্রাইভেট শন ফারেল, নর্থ ভ্যানকুভারের প্রাইভেট এইডান গুল্ডিং এবং ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলির প্রাইভেট হেইডেন লিক্কেমার্ক। চারজনই এডমন্টনভিত্তিক প্রিন্সেস প্যাট্রিশিয়ার কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রির তৃতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
প্রশিক্ষণের মাঝেই ছড়িয়ে পড়ে আগুন
কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ফার্স্ট কানাডিয়ান ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড রবিবার সংবাদ সম্মেলনে জানান, তাজা গোলাবারুদ নিয়ে উচ্চমাত্রার যুদ্ধপ্রশিক্ষণ চলার সময় আগুনের সূত্রপাত হয়। ওই সময় একদল সেনা গ্রেনেড রেঞ্জে হাতে গ্রেনেড নিক্ষেপ করছিলেন, আর অন্য একটি দল "সেকশন অ্যাটাক" নামের মহড়া চালাচ্ছিল — যেখানে ১০ সেনা একত্রে কল্পিত শত্রুর ওপর হামলা চালানোর অনুশীলন করেন।
তবে আগুনের সঠিক কারণ এখনো অজানা। রাটল্যান্ড বলেন, সত্যি বলতে এটি এগুলোর যেকোনো একটির কারণেও হতে পারে, আবার কোনোটার কারণে না-ও হতে পারে। প্রবল বাতাসে এক মিনিটেরও কম সময়ে আগুন এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে বলে তিনি জানান। প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে প্রশিক্ষণ এলাকায় আগুন লাগে। ওয়াইনরাইট মিউনিসিপ্যাল জেলা জানিয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; পরে সেটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়।
শোকের ছায়া সারা দেশে
রবিবার অটোয়ায় জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্নি বলেন, "গভীর দুঃখের সঙ্গে এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারছি যে, চার সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং তাদের প্রিয়জনদের জানানো হয়েছে।" তিনি বলেন, "আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের হারিয়ে জাতি শোকাহত।"
নিহতদের সম্মানে দেশের সব ফেডারেল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন তিনি। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে কার্নি বলেন, "সংকটের মুহূর্তে কানাডীয়রা একত্রিত হয় — এটাই আমাদের দেশের সেরা দিক।" এডমন্টনের একটি হাসপাতালের চিকিৎসক ওয়ারেন থার্স্ক সিবিসিকে বলেন, এত রোগী একসঙ্গে সামাল দিতে গিয়ে তাদের চিকিৎসাব্যবস্থা "সম্পূর্ণ বিপর্যস্ত" হয়ে পড়ে। তার ভাষায়, "এটা একটা দুর্যোগ। ১৫ থেকে ২৫ বছরে একবার এমন ঘটনা ঘটে।"
সূত্র: সিবিসি