ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
ছবি: প্রথম আলো
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কোথাও পানি জমে আছে কিনা তা পরীক্ষা করে অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতিব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। তবে ছুটির মধ্যেই প্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ নির্দেশনা দিল মাউশি। পূজার ছুটির পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বর্ষা মৌসুমে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দিচ্ছে অধিদপ্তর। এর আগেও বিভিন্ন সময়ে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল।