২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছবি: উইকিমিডিয়া কমন্স
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে এ তালিকা প্রণয়ন করা হয়েছে। মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের তালিকা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বৃত্তির হার ও মেয়াদ
মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ৬০০ টাকা হারে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি মাসে ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে। এছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য এককালীন অনুদান হিসেবে মেধা বৃত্তিপ্রাপ্তরা বছরে ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা পাবেন। উভয় বৃত্তির মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত, অর্থাৎ মোট দুই বছর। সরকারি নির্দেশনা অনুযায়ী মেধা ও সাধারণ বৃত্তি ছাত্র ও ছাত্রীদের মধ্যে সমানভাবে, অর্থাৎ ৫০-৫০ অনুপাতে বণ্টন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা ও সাধারণ উভয় বৃত্তির জন্য সর্বনিম্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল জিপিএ ৩.০০। তবে মেধা বৃত্তি জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধানুসারে বণ্টন করা হয়েছে।
শর্তাবলি
বৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীকে অবশ্যই উচ্চ শ্রেণিতে পড়াশোনার জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। কোনো প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছে বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার যোগ্য হবে না।
বৃত্তিপ্রাপ্তদের অর্থ সরাসরি জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনলাইন সুবিধা থাকা যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলে তথ্য প্রতিষ্ঠানে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।