ছবি: উইকিমিডিয়া কমন্স
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের সময়োপযোগী ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বর্তমান প্রজন্মের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রতি ঝোঁক বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের নতুন করে ভাবতে হবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী কার্যকর উদ্যোগ নিতে হবে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে শিক্ষকদের দায়িত্বশীল হয়ে বর্তমান প্রজন্মের চাহিদা ও বাস্তবতা মাথায় রেখে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।
নিয়োগে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে নিয়োগে আর্থিক লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন আসাদুজ্জামান। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করলে বা অপকর্মে জড়ালে তাও সহ্য করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতা ও দলীয় কর্মীদের আগে নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। যারা দুর্নীতি বন্ধের কথা বলেন, তাদের আচরণে সেই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে। অন্যথায় দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা ব্যর্থ হবে।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।