ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখাল বিসিবি একাদশ। বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়া ক্যারিবীয় বোলারদের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩৭১ রান তুলেছে স্বাগতিক দল। ৯০ ওভারে রানরেট ৪ দশমিক ১২।
ছবি: বিডিক্রিকটাইম
দিনের নায়ক খুলনার ব্যাটার কালাম সিদ্দিকি আলিন। চার নম্বরে নেমে ১৮৪ বলে ২০টি চার ও এক ছক্কায় ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহের ভিত পায় বিসিবি একাদশ। সেঞ্চুরির পর কেভিন উইকহ্যামের বলে আউট হন সিদ্দিকি।
ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। জেডেন সিলসের বলে মাত্র ৪ রান করে ফেরেন মাহফিজুল ইসলাম রবিন। এরপর জিশান আলমের সঙ্গে জুটি বাঁধেন ইফতেখার হোসেন ইফতি। ইফতি ৬২ বলে ১৮ রান করে আউট হলেও জিশান একপ্রান্ত আগলে রাখেন। ওপেনার ১০০ বলে ১১টি চার ও ২ ছক্কায় ৮৬ রান করে জশুয়া বিশপের শিকার হন।
সিদ্দিকির সঙ্গে মূল্যবান জুটি গড়েন চৌধুরী মো. রিজওয়ান। ১০৬ বলে ৭টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। অধিনায়ক জাকের আলি অনিক ৪৮ বলে ৩০ রান করে আউট হন। দিনের শেষ দিকে শামীম হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও এক ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জশুয়া বিশপ ২৩ ওভারে ৮৭ রান দিয়ে ২ উইকেট নেন। কাভেম হজ ২টি, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান ও কেভিন উইকহ্যাম একটি করে উইকেট পান। অভিজ্ঞ পেসার কেমার রোচ ৬ ওভারে মাত্র ১০ রান দিলেও উইকেট পাননি।
এই প্রস্তুতি ম্যাচে ঘরোয়া ক্রিকেটের তরুণদের যাচাই করছে বিসিবি। ১৪ সদস্যের দলে জাতীয় ক্রিকেট লিগের পারফরমারদের পাশাপাশি আছেন অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।