ছবি: ইএসপিএন
আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে আরও থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি সই করবেন তিনি, যেখানে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর শর্তও থাকছে, যদি দুই পক্ষ সম্মত হয়।
নোতিসিয়াস আর্জেন্তিনাস সংবাদ সংস্থা ও পেরফিলের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতির সময় এএফএ সভাপতি ক্লদিও 'চিকি' তাপিয়ার সঙ্গে আলোচনার পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা শেষে থাকার সিদ্ধান্ত নেন স্কালোনি। আর্থিক শর্তসহ চুক্তির খুঁটিনাটি নিয়ে সমঝোতার পর আলোচনা চূড়ান্ত হয়।
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা জিতেছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা। চলতি বছরের বিশ্বকাপের ফাইনালেও তুলেছিলেন দলকে, যেখানে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।
তবে এএফএ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সংস্থার সর্বশেষ বিবৃতিতে শুধু স্কালোনির সঙ্গে আলোচনা শুরুর কথা জানানো হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে অথবা ৯ থেকে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ঘোষণা আসতে পারে, যখন কোচ আর্জেন্টিনায় থাকবেন।
নভেম্বরের প্রীতি ম্যাচে দল পাচ্ছে না কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনায় ফিফার নিষেধাজ্ঞা কাটাচ্ছেন লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। পারেদেস পেয়েছেন ১০ ম্যাচের নিষেধাজ্ঞা, যার সাতটি এখনও বাকি; মোলিনার সাত ম্যাচের মধ্যে চারটি বাকি। পেশির চোটে সন্দেহে আছেন লাউতারো মার্তিনেজও।
সবচেয়ে বড় অনুপস্থিতি অবশ্যই অধিনায়ক লিওনেল মেসি, যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর্জেন্টিনার নতুন অধিনায়ক অভিজ্ঞ সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো।
বছর শেষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রতিপক্ষ উরুগুয়ে, চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকা।
২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের কথা রয়েছে আর্জেন্টিনার। স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে হবে ওই আসর, আর শতবর্ষ উদযাপনের তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকায়। ঘরের মাঠে বিশ্বকাপের আগে দল গোছানোর দায়িত্ব তাই থাকছে স্কালোনির কাঁধেই, যদি চূড়ান্ত ঘোষণা আসে।
সূত্র: বুয়েনস আইরেস টাইমস