নর্থ সিডনি ওভালে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়ার নারী দল। রোজ বোল ট্রফিও ধরে রাখল অসিরা।
ছবি: ইএসপিএনক্রিকইনফো
বৃহস্পতিবার মাত্র ২.৪ ওভার খেলা সম্ভব হয়। বৃষ্টির কারণে এক ঘণ্টার বেশি দেরিতে শুরু হওয়া ম্যাচ ১৪ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে বোলিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মলিনো। খেলা থামার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১ রান।
ব্যাটিং অর্ডারে বদল এনে তিন নম্বর থেকে ওপেনিংয়ে উঠে আসেন কিউই অধিনায়ক মেলি কের। প্রথম বলেই বাউন্ডারি মারেন তিনি। কিন্তু পরের বলেই মিড-অনে ক্যাচ তুলে ফেরেন। মলিনোর ক্যারিয়ারের এটি ২০তম প্রথম ওভারের উইকেট। এরপর পরপর কয়েকটি স্লোয়ার বল করে দ্রুতগতির ডেলিভারিতে জর্জিয়া প্লিমারের স্টাম্প উপড়ে ফেলেন কিম গার্থ।
তখনই ফের ভারী বৃষ্টি নামে। কয়েকবার খেলা শুরুর চেষ্টা করা হলেও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ২ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়টিতে ৪০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে তারা। ২৬ বছরের বেশি সময় ধরে রোজ বোল অসিদের দখলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম এই ফরম্যাটে ফিরেছিল দুই দল। দ্বিতীয় ম্যাচে ১২৭/৮ করে হারার পর ব্যাটিং অর্ডারে বদল আনে নিউজিল্যান্ড। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে এই ম্যাচে নামে।
দুই দল আগামী মার্চে ক্যানবেরা ও মেলবোর্নে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। এর আগে ২৯ অক্টোবর মেলবোর্নে শুরু হচ্ছে নারী বিগ ব্যাশ লিগ। ডিসেম্বরে তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া।
প্রেসক্রিপশন ওষুধ ব্যবহারের কঠোর নিয়ম না মানায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় এই ম্যাচে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলার পরও প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো