ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয় বিমান বাংলাদেশ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম বিমানবন্দরে হামলার পর যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায় রাষ্ট্রীয় সংস্থাটি।

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

ছবি: উইকিমিডিয়া কমন্স

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বুধবার রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মামগামী রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত থাকবে। আর সৌদি আরবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী রুটের ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা

স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানিয়ে দেওয়ার কথা বলেছে বিমান। তবে এই সময়েও ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চালু থাকবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন ফাঁকা থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।