ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার-সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা সেই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম আবু বকর সিদ্দিক।
ছবি: উইকিমিডিয়া কমন্স
বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, "রাজশাহী থেকে আটকের পর আবু বক্কর সিদ্দিকীকে ঢাকায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।"
যা ঘটেছিল মঙ্গলবার
মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান অবতরণ করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। সড়কের দুই ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান, চলন্ত বাস থেকে তিনিও হাত নেড়ে সাড়া দেন।
সেদিনই 'দ্য বিউটি অব রাজশাহী' নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয় বাসের ছবি। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, "ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।"
মন্তব্যটির স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হওয়ার পরই তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়ন।
উদ্বেগ ও তদন্তের ঘোষণা
মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, "ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।"
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।