সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের জামলা গ্রামে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
ছবি: টিআরটি ওয়ার্ল্ড
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা গ্রামে প্রবেশ করে আবাসিক ভবনের ছাদে স্নাইপার বসায় এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। অভিযানের সময় আবাসিক এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বলেও সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতের মরদেহ দারা জাতীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, সিরিয়ার স্থানীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া টিভিও গ্রামটিতে স্নাইপার মোতায়েন ও বাড়িতে বাড়িতে তল্লাশির কথা জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় আবাসিক এলাকায় নির্বিচার গুলি চালানো হয়।
আল-ইখবারিয়া জানিয়েছে, বুধবার ইসরায়েলি ট্যাংক দারার পশ্চিমাঞ্চলের আবিদিন গ্রামের উপকণ্ঠে গোলাবর্ষণ করে। ওই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কুনেইত্রা প্রদেশ ও দারার গ্রামাঞ্চলে ইসরায়েলি অনুপ্রবেশ তীব্র হওয়ার নিন্দা জানায়। দক্ষিণ সিরিয়ার আকাশে হেলিকপ্টার, নজরদারি ও সামরিক বিমানের উড্ডয়ন বেড়েছে বলেও মন্ত্রণালয় উল্লেখ করে। মন্ত্রণালয়ের ভাষ্য, এই লঙ্ঘন "অঞ্চলজুড়ে এবং বিশেষ করে সিরিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তার সম্ভাবনা ক্ষুণ্ন করে এবং পুনর্গঠন ও পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্যাহত করে"। আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানায় দামেস্ক।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনারা বারবার অভিযান চালিয়ে আসছে। ওই সময় ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তিকে অকার্যকর ঘোষণা করে সিরীয় বাফার জোন দখলে নেয়। দ্য ন্যাশনালের খবরে বলা হয়, জাতিসংঘ জানিয়েছে, শুধু সেপ্টেম্বর মাসে দক্ষিণ সিরিয়ায় ২৮০টি সশস্ত্র অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েল এবং ৪৯ সিরীয় নাগরিককে আটকে রেখেছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা বারবার "নিরাপত্তা অঞ্চলে" সেনা রাখার ইচ্ছার কথা বলেছেন। দেশটির নেতাদের ভাষ্য, দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকাকে সামরিকীকরণমুক্ত অঞ্চলে পরিণত করতে চান তারা। নিরাপত্তা চুক্তির লক্ষ্যে দুই দেশ আলোচনা শুরু করলেও এখনো কোনো সাফল্য আসেনি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আল আরাবিয়া, আল জাজিরা