ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
অপরাধ জাতীয়

পূর্বাচলে ডিজে পার্টির বাড়িতে ডিবির অভিযান: ৮৫ জন আটক, অ্যাডিশনাল ডিআইজি প্রত্যাহার

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) বাড়িতে ডিজে পার্টি ও মাদক সেবনের অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাত ২টার দিকে ভাটারা এলাকার পিওএইচএস-১ আবাসিক এলাকায় পুলিশ হাউজিং-১-এর তিনতলা বাড়িটিতে অভিযান শুরু হয়, যা মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। এই অভিযানে ৮৪ থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন নারী ও একজন আফগান নাগরিক রয়েছেন।

পূর্বাচলে ডিজে পার্টির বাড়িতে ডিবির অভিযান: ৮৫ জন আটক, অ্যাডিশনাল ডিআইজি প্রত্যাহার

ছবি: ডেইলি ওয়াদা

বাড়িটির মালিক অ্যাডিশনাল ডিআইজি আবদুল্লাহ আল জাহির, যিনি পুলিশ সদর দপ্তরের মেরামত ও রক্ষণাবেক্ষণ শাখায় কর্মরত ছিলেন। পুলিশের দাবি, বাড়িটি ভাড়া দিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ডিজে পার্টি আয়োজন করা হতো। ডিবির উত্তরা বিভাগের টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ মদ, কৃত্রিম মাদক (সিনথেটিক ড্রাগ), শিশা ও বিয়ার উদ্ধার করা হয়।

বাড়ি ভাড়া দিয়েছিলেন অনলাইনে

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, পার্টির আয়োজকরা রেজিস্ট্রেশন পদ্ধতিতে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীদের আকৃষ্ট করতো। ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, ঘরগুলো এয়ারবিএনবি প্ল্যাটফর্মে ভাড়া দেওয়া হতো। আটককৃতদের মধ্যে একজন হোস্ট মাহবুবুল আলমও রয়েছেন।

অন্যদিকে বাড়ির মালিকের বক্তব্যও পাওয়া গেছে। তিনি বলেন, ভাড়াটিয়া গোপনে অপরাধ করলে তার দায় ভাড়াটিয়ারই, বাড়ির মালিককে দায়ী করা যায় না। মালিক জানতে পারলে আবার সেই ব্যক্তিকে ভাড়া দেবে না বা বের করে দেবে। তিনি বলেন, বাড়িটির ভাড়া ব্যবস্থাপনা একজন কেয়ারটেকারের মাধ্যমে চলতো এবং তিনি সবসময় আইন মেনে চলেছেন।

প্রত্যাহার করা হলো অ্যাডিশনাল ডিআইজিকে

এদিকে ঘটনার পর সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি আবদুল্লাহ আল জাহিরকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসাইন ফকির স্বাক্ষরিত এক নির্দেশে এ আদেশ কার্যকর করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। ডিএমপি জানিয়েছে, অভিযান বা আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সূত্র: ডেইলি ওয়াদা