রাজধানীর উত্তরায় আবার পুলিশের জালে ধরা পড়লেন পিচ্চি সানি। আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকার এক গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযানের সময় তার সঙ্গীরা পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তার।
ছবি: যুগান্তর
তার নামে থানায় থানায় মামলার পাহাড়। পুলিশের নথি অনুযায়ী, দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি আর উত্তরা পশ্চিম থানায় দুটি, সব মিলিয়ে অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের তালিকায় মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি আর ছিনতাই, প্রায় সব ধরনের অপরাধই আছে।
আগেও গ্রেপ্তার হয়েছেন বারবার
পিচ্চি সানি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক তিনি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যদের জড়ো করে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-১।
এ বছরের ৩০ আগস্টও চার সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন সানি। সেবার তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা আর একটি হোন্ডা সিভিক গাড়ি জব্দ করা হয়। ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী নূর মোহাম্মদের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবেও পরিচিত তিনি।
‘দে লাড়া’ গ্রুপের তৎপরতা শুধু উত্তরার সেক্টরগুলোতেই সীমাবদ্ধ নয়। উত্তরখান, দক্ষিণখান আর টঙ্গীর নানা এলাকায় সক্রিয় দলটি। বিশেষ করে ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেললাইনঘেঁষা এলাকায় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তারের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বুধবার রাতে বিএনএস সেন্টার এলাকা থেকে কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উত্তরায় কিশোর গ্যাং দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে বলেও জানান তিনি।