ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয় রাজনীতি

১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই, মত স্পিকারের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরেও দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আজ বৃহস্পতিবার ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই, মত স্পিকারের

ছবি: বাসস

"আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই," স্পষ্ট ভাষায় বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ এমন এক পরিবেশ তৈরি করেছিল যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার এখন জরুরি বলে মনে করেন তিনি।

একই সঙ্গে তিনি জোর দেন, যারা ধনী নন কিন্তু জনপ্রিয় ও গ্রহণযোগ্য, তারাও যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেই সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা চালু করতে হবে যাতে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে যায়।

স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে কড়া অবস্থান জানান স্পিকার। "গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে," বলেন তিনি।

ভোলার গ্যাস সম্ভাবনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই জেলায় যথেষ্ট পরিমাণ গ্যাস মজুত রয়েছে। তার ধারণা, এই গ্যাসের পরিমাণ দেশের বর্তমান মোট মজুতের প্রায় সমান। ভবিষ্যতে আরও অনুসন্ধান চালালে অতিরিক্ত মজুত মিলতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

"ভোলার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার," বলেন স্পিকার।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্পিকার। তিনি লালমোহন-তজুমুদ্দিন আসনের সংসদ সদস্য।

এরপর তিনি নিজের নির্বাচনী এলাকা লালমোহন-তজুমুদ্দিনে তিন দিনের সফর শেষে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।