অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টের যৌথ আয়োজক বাংলাদেশ ও নেপাল। ১৬ দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচ হবে চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুর চারটি ভেন্যুতে।
ছবি: উইকিমিডিয়া কমন্স
গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত এবার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত আছে গ্রুপ এ-তে, যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ২২ জানুয়ারি কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেপাল। গ্রুপ বি-তে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া; গ্রুপ ডি-তে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
বাংলাদেশ পড়েছে গ্রুপ সি-তে। অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একই গ্রুপে থাকা বাংলাদেশিরা টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে। ২১ জানুয়ারি সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, একই দিন বিকেলে একই মাঠে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। কাঠমান্ডুর আপার মুলপানি মাঠে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে, আর ইংল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি গ্রুপের সেরা তিন দল উঠবে সুপার সিক্সে, সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনালই ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, রিজার্ভ ডে রাখা হয়েছে ৫ ফেব্রুয়ারি। ফাইনাল ৬ ফেব্রুয়ারি দুপুর দেড়টায়, রিজার্ভ ডে ৭ ফেব্রুয়ারি।
এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় শাফালি ভার্মার নেতৃত্বে ও ২০২৫ সালে মালয়েশিয়ায় নিকি প্রসাদের নেতৃত্বে দুইবারই শিরোপা জেতে ভারত। আইসিসির সিইও সানজোগ গুপ্তা বলেন, এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ দেবে এবং আয়োজক হিসেবে বাংলাদেশ ও নেপালকে বেছে নেওয়া ক্রিকেটের ভবিষ্যৎ ইকোসিস্টেমে আইসিসির বিনিয়োগের প্রতিফলন।
সূত্র: ক্রিকবাজ