ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
শিক্ষক শিক্ষা

পাঠদান পদ্ধতি মূল্যায়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

পাঠদান পদ্ধতি মূল্যায়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ছবি: উইকিমিডিয়া কমন্স

নিজের পাঠদান নিয়ে প্রশ্ন তোলা এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কতজন বুঝল। যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব।

তিনি আরও লেখেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

শিক্ষাবিদদের মতে, শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে তা নিয়মিত যাচাই করে শিক্ষার্থীদের শেখার সুবিধার্থে শিক্ষণপদ্ধতিতে পরিবর্তন আনা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিটি অধ্যায় পড়ানো শেষে শিক্ষকদের পর্যালোচনা করা উচিত শিক্ষার্থীরা বিষয়টি কতটা আয়ত্ত করতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর জন্য কী ধরনের পরিবর্তন প্রয়োজন।

মন্ত্রীর এই আহ্বানকে শিক্ষকদের নিয়মিত আত্মমূল্যায়নের মাধ্যমে পাঠদান আরও ফলপ্রসূ করার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি আধুনিক পাঠদান কৌশল আয়ত্তের দিকেও জোর দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ড. আ ন ম এহছানুল হক মিলন এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও নিয়োগপ্রার্থীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দিয়েছেন। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েও তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পাঠদান পদ্ধতির নিয়মিত মূল্যায়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কার্যকর চর্চা। প্রতিটি পাঠ শেষে শিক্ষক নিজেই যদি শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করেন, তাহলে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা কৌশল নেওয়া সহজ হয়।