ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
আন্তর্জাতিক গাজা

গাজা সিটিতে হামাসের নুখবা সদস্য নিহত, দাবি ইসরায়েলের

গাজা সিটিতে হামাসের নুখবা সদস্য নিহত, দাবি ইসরায়েলের

ছবি: উইকিমিডিয়া কমন্স

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার নুখবা ইউনিটের সদস্য মুসা আবদ মুহাম্মদ হামুদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ ঘোষণায় বলা হয়, গত রোববার গাজা সিটি এলাকায় চালানো হামলায় তিনি নিহত হন।

আইডিএফের দাবি, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সেনাবাহিনীর ৫২তম ব্যাটালিয়নের একটি ট্যাংকে বিস্ফোরক হামলার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন হামুদা। ওই হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। নিহত সেনারা হলেন লেফটেন্যান্ট মাতান আব্রামোভিৎজ, সার্জেন্ট গাদি কোতাল, সার্জেন্ট অমিত আর্যেহ রেগেভ ও স্টাফ সার্জেন্ট উরি লামেদ। ক্ষতিগ্রস্ত ট্যাংকটি ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীন ছিল।

ঘোষণায় আরও দাবি করা হয়, হামুদা সম্প্রতি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের লক্ষ্য করে হামলার তৎপরতা এগিয়ে নিচ্ছিলেন এবং হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ করছিলেন। আইডিএফের ভাষায়, এটি যুদ্ধবিরতি চুক্তির পদ্ধতিগত লঙ্ঘন। তবে হামলাটি কীভাবে চালানো হয় বা হামুদার অবস্থান কীভাবে শনাক্ত করা হয়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নুখবা হামাসের সামরিক শাখার অভিজাত বাহিনী হিসেবে পরিচিত। আইডিএফের দাবি অনুযায়ী, যুদ্ধের পুরো সময়জুড়েই হামুদা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সক্রিয় ছিলেন। তবে সেনাবাহিনীর এসব অভিযোগের কোনো স্বাধীন যাচাই হয়নি বলে জানা গেছে। হামাস বা গাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ১৬২তম ডিভিশনের অধীন ২১৫তম ফায়ার ব্রিগেড ওই হামলা চালায়। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, নিহত চার সেনা অপারেশন গিডিয়নস চ্যারিয়টস চলাকালে ১৬২তম ডিভিশনের কমান্ডের অধীনে দায়িত্ব পালন করছিলেন। তাদের মৃত্যুর জন্য দায়ীদের জবাবদিহির ক্ষেত্রে হামুদার মৃত্যুকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে সেনাবাহিনী।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু এর পরও সেখানে প্রায় নিয়মিত ইসরায়েলি হামলার খবর পাওয়া যাচ্ছে। এর আগে মঙ্গলবার গাজা সিটিতে আরেকটি হামলায় হামাসের সাধারণ নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা আকরাম বাসসাম শাবান ইয়াসিন নিহত হয়েছেন বলেও দাবি করেছিল আইডিএফ।

সূত্র: এএনআই