ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
খুলনা জাতীয়

আজ খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, সুন্দরবনে আকাশপথে পর্যবেক্ষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার এক দিনের সফরে খুলনা ও বাগেরহাট যাচ্ছেন। সকালে হেলিকপ্টারে সুন্দরবনের আকাশপথে পর্যবেক্ষণ দিয়ে দিন শুরু করবেন তিনি। সফরের বড় অংশজুড়ে থাকবে মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা দেখা।

আজ খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, সুন্দরবনে আকাশপথে পর্যবেক্ষণ

ছবি: Daily Times Of Bangladesh

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ট্যুর সূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটায় তিনি বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সকাল নয়টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে উড্ডয়ন করবেন প্রধানমন্ত্রী।

সকাল দশটার দিকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকার আকাশপথে পরিদর্শন করবেন তিনি, জানিয়েছে বাসস। আকাশপথে পর্যবেক্ষণ শেষে সকাল সাড়ে দশটায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে সড়কপথে একটি লঞ্চ টার্মিনালে যাবেন তিনি। এরপর নৌপথে বাগেরহাটের বিএনএস মোংলার উদ্দেশে যাত্রা করবেন। দুপুরের দিকে বিএনএস মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। দুপুরের খাবারের পর বেলা পৌনে দুইটায় ওয়ার্ডরুমের কনফারেন্স কক্ষে একটি বৈঠকে যোগ দেবেন তিনি।

বিকেলে মোংলা বন্দর ও বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

বিকেলে মোংলা বন্দরের সামগ্রিক কার্যক্রম ও জেটি সুবিধা পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা দেখতে যাবেন তিনি।

সারাদিনের কর্মসূচি শেষে বিকেল চারটায় মোংলা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফরকে সামনে রেখে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।