ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
আন্তর্জাতিক গাজা

কেরেম শালোম ক্রসিংয়ে গাজাগামী ত্রাণ ট্রাক আটকে বিক্ষোভ

কেরেম শালোম সীমান্ত ফাঁড়ির কাছে গাজাগামী মানবিক সহায়তার ট্রাক আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকালে কয়েক ডজন আন্দোলনকারী ফাঁড়ির সংযোগ সড়ক অবরোধ করেন। তাদের দাবি, গাজার নিরস্ত্রীকরণ ও হামাসের সম্পূর্ণ বিলুপ্তি।

কেরেম শালোম ক্রসিংয়ে গাজাগামী ত্রাণ ট্রাক আটকে বিক্ষোভ

ছবি: ইসরায়েল ন্যাশনাল নিউজ

হারেতজের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২০ জন বিক্ষোভকারী অবরোধে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন টসাভ ৯ আন্দোলনের কর্মী, আমচা ইসরায়েল দলের সদস্য, গাজা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এবং বিরোধী দল ইসরায়েল বেইতেইনুর আইনপ্রণেতা ইউলিয়া মালিনোভস্কি। ট্রাক চলাচল বন্ধ করতে মালিনোভস্কি সরাসরি ট্রাকের সামনে দাঁড়িয়ে যান বলে খবরে বলা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, গাজায় শত শত ট্রাক আবারও প্রবেশ করছে এবং এই সহায়তা হামাসকে আরও শক্তিশালী করছে। আমচা ইসরায়েলের সিগাল ক্রাউনিক-আতিয়া গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত রাখাকে "জাতীয় লজ্জা" বলে অভিহিত করেন। তার স্বামী আরিক ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় কিবুতজ বে'এরি রক্ষা করতে গিয়ে নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল ন্যাশনাল নিউজের খবরে বলা হয়েছে, অবরোধের কারণে প্রায় ৫০টি ট্রাক আটকে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে সড়ক পুনরায় চালু করে।

টসাভ ৯-এর নেত্রী ইয়ায়েল সাবরিগো বলেন, "আমরা এই পাগলামি থামাতে এসেছি এবং একটি স্পষ্ট দাবি জানাচ্ছি: গাজার নিরস্ত্রীকরণ ও হামাসের সম্পূর্ণ ধ্বংস।" হারেতজ জানিয়েছে, টসাভ ৯ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

আগামী সপ্তাহে নেসেট নির্বাচনের আগে এই বিক্ষোভ হলো। বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, গাজার নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের নিরাপত্তার দাবি জোট ও বিরোধী উভয় পক্ষের কর্মীদের মধ্যেই রয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি খাদ্য ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও বাস্তবে প্রতিদিন গড়ে প্রায় ১৫০টি ট্রাক প্রবেশের অনুমতি পাচ্ছে বলে আল-জাজিরা জানিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ৬০ শতাংশের বেশি মানুষ গৃহহীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণকেন্দ্রগুলোকে "সামরিকায়িত ও প্রাণঘাতী" বলে অভিহিত করেছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

সূত্র: হারেতজ, ইসরায়েল ন্যাশনাল নিউজ, আল জাজিরা