৬৭৮ কোটি ১৯ লাখ টাকা পাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ছবি: ডেইলি ওয়াদা
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সিআইডির অনুরোধে তাকে আটক করা হয় বলে জানান ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগ
গত বছরের ১৭ নভেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে সিআইডি। অভিযোগে বলা হয়, চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণ ও হীরা কেনাবেচা করে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা পাচার করেছেন দিলীপ আগরওয়ালা।
তদন্তে দেখা যায়, এলসির মাধ্যমে বৈধভাবে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণ, হীরা ও অলংকার আমদানি করেছিল তার প্রতিষ্ঠান। কিন্তু একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা করা হয়েছে। এই বিশাল পরিমাণ স্বর্ণ-হীরার উৎস বা সরবরাহকারীদের বৈধ কাগজপত্র তদন্তকারীদের দিতে পারেনি কোম্পানি।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বলেন, কাদের কাছ থেকে এই স্বর্ণ ও হীরা কেনা হয়েছে, সে তথ্য সিআইডির কাছে নেই। আসামিও সেই তথ্য দিতে পারেননি। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। অসুস্থতা, বয়স এবং পরদিন বিজয়া দশমীর কথা তুলে জামিন চান তার আইনজীবীরা। দুই পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জামিনে মুক্তি পান তিনি।
দিলীপ আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে হেরেছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন।
সূত্র: ডেইলি ওয়াদা