ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
রাজনীতি

ফ্যাসিবাদের পথে হাঁটলে নীরব থাকব না, বিএনপিকে সতর্ক করলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ক্ষমতাসীন বিএনপিকে সতর্ক করে বলেছেন, অতীত ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটলে তাঁর দল নীরব থাকবে না। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফ্যাসিবাদের পথে হাঁটলে নীরব থাকব না, বিএনপিকে সতর্ক করলেন জামায়াত আমির

ছবি: ডেইলি ওয়াদা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ (এবি) পার্টি "জুলাই সনদের এক বছর: অঙ্গীকার ও প্রত্যাশা" শীর্ষক এই আলোচনার আয়োজন করে। শফিকুর রহমান বলেন, গণভোটের রায় ও সংবিধান সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সঙ্গে "বিশ্বাসঘাতকতা"।

‘নব্য ফ্যাসিবাদেরও পতন হবে’

জামায়াত আমির বলেন, ৫ আগস্ট বিকেল পর্যন্ত বিএনপি নির্যাতনের শিকার ছিল, কিন্তু দ্রুতই সেই অভিজ্ঞতা ভুলে গেছে। তাঁর দাবি, বিরোধী দল সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। "নব্য ফ্যাসিবাদেরও পতন হবে" বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, "বিএনপি বদলালেও আমরা বদলাব না। আমরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়ব।" সরকারের বিরুদ্ধে জনগণকে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতাসীন দলের সদস্যরা দল হিসেবে আলাদা শপথ নেওয়ার ঘোষণা দেওয়ার মুহূর্ত থেকেই "জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র" শুরু হয়।

পিএসসিতে হস্তক্ষেপের অভিযোগ

সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে শফিকুর রহমান দাবি করেন, কয়েকজন মন্ত্রী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যদের ফোন করে পদত্যাগের দাবি জানিয়েছেন। "কমিশন কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসা নয়" বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার জন্য বিশেষ বরাদ্দ পেলেও বিরোধী দলের এমপিরা বঞ্চিত হচ্ছেন। "২০২৪ সালের গণঅভ্যুত্থান এই পচা রাজনীতির জন্য হয়নি" বলে তিনি মন্তব্য করেন।