ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
জাতীয়

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা, ১৫ অক্টোবর: জুলাই গণঅভ্যুত্থানে দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার

বৃহস্পতিবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন বলে আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলার পটভূমি

মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওয়াহিদ গত ১৩ অক্টোবর সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বৃহস্পতিবার সাথীকে আদালতে হাজির করা হলে আবেদনের ওপর প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য শোনেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান স্বপন বলেন, সাথী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি অভিযোগ করেন, মাই টিভির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের বদলে জুলাইয়ের আন্দোলনের খবর চাপা দেওয়ার বা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়। তদন্তে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

আসামিপক্ষের যুক্তি খারিজ

আবেদনের বিরোধিতা করে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া বলেন, সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে আছেন এবং এক বছরেরও বেশি সময় পর তাকে আরেকটি মামলায় জড়ানো হচ্ছে। তার দাবি, সাথী আওয়ামী লীগের কোনো পদে নেই এবং তিনি শারীরিকভাবে অসুস্থ।

উভয়পক্ষের বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিপক্ষের আবেদন খারিজ করে সাথীকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় একটি প্রতিবাদ মিছিলে যোগ দেন মাহফুজুর। সেখানে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। ছেলের হত্যার বিচার চেয়ে মাহফুজুরের বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: ডেইলি ওয়াদা