ঢাকা, ১৫ অক্টোবর: বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানসহ শ্রমিক গতিশীলতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। ১৪ অক্টোবর বিশকেকে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শের (এফওসি) ফাঁকে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম কিরগিজস্তানের তিনজন মন্ত্রী-কর্মকর্তার সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন।
বাণিজ্য ও বিনিয়োগ
কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য উপমন্ত্রী মেদের তুমানভের সঙ্গে বৈঠকে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে। তুলা উৎপাদন, বস্ত্র ও তৈরি পোশাক খাতে দুই দেশের পরিপূরকতা ও তুলনামূলক সুবিধা, ইউরেশিয়ার বাজারে সম্ভাবনা এবং ওষুধ খাতে অংশীদারিত্বের সুযোগ খতিয়ে দেখা হয়। ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে বিস্তৃত প্রবেশাধিকারের জন্য জিএসপি সুবিধা কাজে লাগানো, বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানো, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং প্রদর্শনীতে অংশ নেওয়ার ওপরও জোর দেন উভয় পক্ষ।
শ্রমিক পাঠানো ও এমওইউ
কিরগিজস্তানের শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসভের সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও গতিশীলতা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক বছরগুলোতে কিরগিজস্তানে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের প্রেক্ষাপটে দেশটি নির্মাণ, বস্ত্র, ওষুধ, ডিজিটাল সেবা, কৃষি ও শিক্ষকতাসহ বিভিন্ন খাতে বিদেশ থেকে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। সরকার-থেকে-সরকার (জিটুজি) সহযোগিতা জোরদার এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন কিরগিজ শ্রমমন্ত্রী।
শিক্ষায় সহযোগিতা
অন্য বৈঠকে পররাষ্ট্রসচিব কিরগিজস্তানের বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবন মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদার নিয়ে কথা বলেন। ইসামাতোভা ইঙ্গিত দেন, ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হতে পারে। পররাষ্ট্রসচিবের আমন্ত্রণে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন তাশখন্দে নিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মনিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস বিষয়ক মহাপরিচালক এসএম মাহবুবুল আলম।
সূত্র: ডেইলি ওয়াদা