ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
আন্তর্জাতিক

‘আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি বিতর্কে ব্যাখ্যা দিলেন জে ডি ভ্যান্স

ঢাকা, ১৮ অক্টোবর: এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের ‘বিদেশি চুক্তিবদ্ধ দাস’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সেই বিতর্ক সামাল দিতে এবার তিনি ঢাল হিসেবে ব্যবহার করলেন খোদ নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে।

‘আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি বিতর্কে ব্যাখ্যা দিলেন জে ডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

শনিবার সিবিএস নিউজের টাউনহল অনুষ্ঠানে ভ্যান্স স্বীকার করেন, তার ভাষা ‘ত্রুটিপূর্ণ’ ছিল। তবে তিনি দাবি করেন, তার সমালোচনার লক্ষ্য ছিল এইচ-১বি ভিসাধারীরা নয়, বরং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ও ভিসা ব্যবস্থা। তিনি বলেন, এই ব্যবস্থা নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের ওপর অতিরিক্ত ক্ষমতা দেয়—অসন্তুষ্ট হলেই তাদের দেশে ফেরত পাঠানো যায়।

‘আমার শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’

এক ভারতীয় অভিবাসীর প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ‘আপনি জানেন আমার পরিবার কোথা থেকে এসেছে। আমি আমার শাশুড়ি ও শ্বশুরকে ভালোবাসি, যারা দক্ষিণ ভারত থেকে অভিবাসী হয়ে এসেছেন। আর অবশ্যই তাদের মেয়ে, যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন, এখন সেকেন্ড লেডি—তাকে নিয়ে আমি গর্বিত, তাকে আমি খুব ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘যখন আমি চুক্তিবদ্ধ দাস বলি, এটা এইচ-১বি ভিসাধারীর সমালোচনা নয়। এটা সেই কোম্পানির সমালোচনা, যারা একজন মানুষকে নিয়ে আসে… এটা সেই ভিসা ব্যবস্থার সমালোচনা, যা মানুষকে কার্যত চুক্তিবদ্ধ দাসের মতো আচরণ করতে দেয়।’

ভারতের তীব্র প্রতিক্রিয়া

এর আগে ভিসা জালিয়াতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স এইচ-১বি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলে অভিহিত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভাষাকে ‘গভীরভাবে আপত্তিকর’ বলে নিন্দা জানায়। মন্ত্রণালয় বলে, এই পরিভাষা বেদনাদায়ক ঐতিহাসিক ও ঔপনিবেশিক উত্তরাধিকারের স্মৃতি বহন করে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভারতীয় পেশাজীবীদের অবদানকে উপেক্ষা করে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র প্রশাসন মাইক্রোসফট, কগনিজ্যান্ট, ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে স্থায়ী শ্রম শংসাপত্র (পার্ম) কর্মসূচি থেকে সাময়িক বরখাস্ত করে। এই কর্মসূচি গ্রিনকার্ড পাওয়ার প্রথম ধাপ।