দক্ষিণ সিরিয়ায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ১৩টির বেশি ইসরায়েলি স্থল ও আকাশ অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।
ছবি: উইকিমিডিয়া কমন্স
কুনেইত্রা, রিফ দিমাশক ও দারা প্রদেশে এই তৎপরতা চলে বলে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়। কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরায়েলি বাহিনী একাধিক গ্রামে প্রবেশ করে বাড়িতে তল্লাশি চালায়। অস্থায়ী চেকপয়েন্ট ও মাটির বাধা স্থাপনের পাশাপাশি নতুন সামরিক অবস্থান গড়ার খবরও পাওয়া গেছে। রিফ দিমাশকের মাউন্ট হারমন এলাকার চারপাশেও সামরিক গতিবিধি দেখা গেছে।
জলপাই গাছ উপড়ে ফেলা
মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ কুনেইত্রার সাইদা আল-হানুত গ্রামে প্রায় ১৩ দুনাম কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। উপড়ে ফেলা হয় প্রায় ৩০০ জলপাই গাছ।
দুটি ইসরায়েলি ট্যাংক উত্তর কুনেইত্রার জুবাতা আল-খাশাবের কাছে তেল আল-হাওয়ায় অগ্রসর হয়। ইরানের ইরনা বার্তা সংস্থাও এই অনুপ্রবেশের খবর দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, সাতটি সামরিক যান ও দুটি ট্যাংক নিয়ে ইসরায়েলি টহলদল ওই এলাকায় প্রবেশ করে পুরনো গভর্নরেট ভবনের সামনে অবস্থান নেয়।
আরেক ঘটনায় সাতটি সামরিক যান ও দুটি ট্যাংক মধ্য কুনেইত্রার পুরনো গভর্নরেট ভবনের আশপাশে প্রবেশ করে।
স্থল অভিযানের সঙ্গে ব্যাপক আকাশ তৎপরতাও চলেছে। দামেস্ক, রিফ দিমাশক, দারা, আল-সুওয়াইদা এবং ইরাক সীমান্তের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমান ও নজরদারি ড্রোন দেখা গেছে। কিছু এলাকায় আলোক বোমাও ছোড়া হয়। কতগুলো উড়োজাহাজ অংশ নিয়েছে বা সব ফ্লাইটের উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি।
এর আগে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে আটক এক যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে এসওএইচআর জানায়।
কুনেইত্রার কৃষি অধিদপ্তর স্থানীয় কৃষি ইউনিটগুলোকে ইসরায়েলি হামলায় কৃষিজমি ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। এতে জমির অবস্থান, আকার ও মালিকানার পাশাপাশি নিহত ভেড়ার সংখ্যা ও মালিকদের নাম লিপিবদ্ধ করতে বলা হয়েছে।
এসওএইচআর জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির সতর্কবাণী, পদক্ষেপ না নিলে দক্ষিণ সিরিয়ায় আরও উত্তেজনা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।
সূত্র: সিরিয়ান অবজারভেটরি