সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।
ছবি: যমুনা টিভি
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এদিন মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত সভায় যোগ দেন তিনি। সেখানে সনাতনী সম্প্রদায়ের নেতারা তাঁর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন।
সবার অধিকার কর্তব্য সমান
দেশে সবার অধিকার ও কর্তব্য সমান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে সবাই অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানেও সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। তাই দেশে কারও অধিকার কারও চেয়ে কম নয়।
তিনি বলেন, ‘এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।’ সবার আগে সবার পরিচয় মানুষ—এই বার্তাও দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার লড়াইয়ে মানুষ একে অপরের ধর্মীয় পরিচয় জানতে চায়নি। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিস্তম্ভে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের আত্মত্যাগের স্মৃতি রয়েছে। দেশের পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না—তা বিএনপি বাস্তবায়ন করছে এবং করবে। ধর্মীয় উপাসনালয়গুলো স্বাধীন থাকবে, রাষ্ট্র সবার, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। তিনি জানান, এবার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপে পূজা হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।