ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত ভাঙার চেষ্টা করছে অশুভ শক্তি, কিন্তু সরকার বদলালেই সমাধান নয়: আরএসএস প্রধান

ভারতকে ভাঙার চেষ্টা করছে অশুভ শক্তি। তবে সরকার পরিবর্তন কখনোই সমস্যার সমাধান আনে না, আনবেও না। মঙ্গলবার নাগপুরে আরএসএসের বিজয়াদশমী উৎসবে এ কথা বলেছেন সংগঠনের প্রধান মোহন ভাগবত।

ভারত ভাঙার চেষ্টা করছে অশুভ শক্তি, কিন্তু সরকার বদলালেই সমাধান নয়: আরএসএস প্রধান

ছবি: দ্য ডেলটা লেন্স

রেশিমবাগে সংগঠনের সদর দপ্তরে দেওয়া বার্ষিক ভাষণে ভাগবত বলেন, "পশ্চিম থেকে এক ঝড় এসেছে, যা শৃঙ্খলা, শালীনতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতিটি রূপকে ধ্বংস করতে চায়। উন্নত দেশগুলোও এই ঝড়ে আক্রান্ত।"

ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কথা তুলে ধরে তিনি বলেন, এসবের পেছনে বাইরের শক্তির হাত রয়েছে। সরকার বদলালেই পরিস্থিতি বদলাবে, এমন ধারণা ভুল।

"ভারতই তাদের মূল লক্ষ্য"

ভাগবতের দাবি, ভারত এগিয়ে যাচ্ছে বলেই দেশটি এসব শক্তির প্রধান লক্ষ্য। "এই অসুরশক্তি জানে, তারা ভারতকে থামাতে পারবে না। তাই তারা ভারত, হিন্দু ও সংঘকে ভাঙতে চায়।" উচ্চাভিলাষী রাজনীতিবিদদের একটি অংশও এসব শক্তিকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে বিক্ষোভ গণতন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য হতে হবে সমাধান, সমাজে বিভাজন নয়। সংবিধান, আইন ও শালীনতার সীমার মধ্যে থাকতে হবে।

মোদির প্রশংসা

ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লেখেন, ভাগবতের বক্তব্য "অত্যন্ত অনুপ্রেরণামূলক"। দেশের অগ্রগতি, সামাজিক ঐক্য, আত্মনির্ভরতা ও সমাজের ক্ষমতায়ন নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন বলে উল্লেখ করেন মোদি।

এদিন সংগঠনের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকীও পালিত হয়। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত আরএসএসের এই বিজয়াদশমী অনুষ্ঠানে ঐতিহ্য অনুযায়ী অস্ত্রপূজাও করেন ভাগবত। ভারতে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে এলো এই ভাষণ।