বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি নারী হ্যান্ডবলের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪৭-১৩ গোলে বিধ্বস্ত করেছে ভারত। সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধেই ২৪-৮ গোলে এগিয়ে ছিল ভারত; দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।
ছবি: ডেইলি ওয়াদা
ম্যাচের চিত্র
শারীরিকভাবে এগিয়ে থাকা ভারতীয় দল ম্যাচজুড়ে আধিপত্য দেখায়। ভারতের ভাবনা একাই ১৩টি গোল করে ম্যাচসেরা হয়েছেন। নেপালের বিপক্ষে ৩৩-২০ গোলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু ভারতের সামনে খুব একটা লড়াই গড়তে পারেনি।
এই জয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে।
কী বললেন কোচ
বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, ‘আজকের ফলাফল মূলত দুই দেশের পার্থক্যের প্রতিফলন। ভারত গত এক বছর ধরে খুব পরিশ্রম করেছে, আমরাও করছি—কিন্তু ভিন্ন পর্যায়ে। আমাদের শারীরিক অবস্থা ও হ্যান্ডবল দক্ষতায় পার্থক্য আছে, যা মাঠেও দেখা গেছে। তবে আগামী মাস ও বছরগুলোতে উন্নতি করে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করাই আমাদের লক্ষ্য।’