ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
অর্থনীতি

উদ্যোগ কর্মসূচিতে ১৮ হাজার ৪৪৪ আবেদন, সর্বোচ্চ নেত্রকোণায়

তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে অর্থায়নের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের চালু করা উদ্যোগ কর্মসূচিতে প্রথম ধাপেই ব্যাপক সাড়া মিলেছে। দেশের আট বিভাগের আটটি জেলার ৬৪ উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন এসেছে নেত্রকোণা থেকে।

উদ্যোগ কর্মসূচিতে ১৮ হাজার ৪৪৪ আবেদন, সর্বোচ্চ নেত্রকোণায়

ছবি: ডেইলি ওয়াদা

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা গেছে, প্রাথমিক ধাপে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্ধারিত ব্যাংক শাখায় আবেদন গ্রহণ করা হয়। জেলাভিত্তিক হিসাবে রংপুর থেকে ২ হাজার ৭৪৫, নওগাঁ থেকে ২ হাজার ৪৫৬, ঝিনাইদহ থেকে ২ হাজার ১৯১, হবিগঞ্জ থেকে ১ হাজার ৫৫২, ভোলা থেকে ১ হাজার ৫৪৫, মানিকগঞ্জ থেকে ১ হাজার ৩৪৩ এবং ফেনী থেকে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

বাকি ৫৬ জেলায় আবেদন ১ নভেম্বর থেকে

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলায় কর্মসূচির কার্যক্রম শুরু হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায় নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইটে।

ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা

গত ১৩ সেপ্টেম্বর জারি করা কর্মসূচির নীতিমালা অনুযায়ী, একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পেতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে এক কিস্তিতে দেওয়া হবে। তবে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে। আবেদনের শেষ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে; তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটি বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি কর্মচারীরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন না।

কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদা ও সম্পদের ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান ও উদ্ভাবনকে উৎসাহিত করা। তবে বিশ্লেষকদের মতে, শুধু অর্থায়নের সুযোগই প্রথমবারের উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিত করবে না; ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সাক্ষরতার মতো দক্ষতাও জরুরি।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৫টি উদ্দীপনা কর্মসূচির আওতায় আলাদাভাবে বরাদ্দ দেওয়া ১ হাজার কোটি টাকার অর্থায়ন কর্মসূচি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কোনো অর্থ ছাড় হয়নি।