ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয় মাদক

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাড়িতে মাদকের আসর, ডিবির অভিযানে ৮৫ জন আটক

মাদক নির্মূলে যাঁদের দিনরাত মাঠে থাকার কথা, সেই পুলিশেরই এক শীর্ষ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে বসত মাদকের আসর। খবর পেয়ে সোমবার গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকার সেই বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখান থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাড়িতে মাদকের আসর, ডিবির অভিযানে ৮৫ জন আটক

ছবি: দ্য ডেলটা লেন্স

ডিবির উত্তরা বিভাগের একটি দল মধ্যরাতে বাড়িটিতে হানা দেয়। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারীও আছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বাড়িতে নিয়মিত মাদক সেবনের আসর বসত। সঙ্গে চলত ডিজে পার্টিও। বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন। তথ্য পেয়ে পরে অভিযান চালানো হয়।

বাড়ির মালিক কে

বাড়িটি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যাঁরা ভাড়া নিয়েছিলেন, তাঁরাই সেখানে মাদকের আখড়া গড়ে তুলেছিলেন।

শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিচারের মাধ্যমে সাজা দেওয়া হবে। সে প্রক্রিয়া চলছে। তদন্তে বেরিয়ে আসবে, ওই বাড়িতে মাদকের এই আখড়া কতদিন ধরে চলছিল এবং এর পেছনে আর কারা জড়িত।

মাদকের বিরুদ্ধে ডিবির চলমান অভিযানের অংশ হিসেবেই এই হানা দেওয়া হয় বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের আস্তানায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।