অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে তাঁকে একটি সাদা টয়োটা ল্যান্ডক্রুজার ধাক্কা দেয়। পুলিশের বরাতে আল জাজিরা জানিয়েছে, ৬৫ বছর বয়সী হেইনস বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ছবি: উইকিমিডিয়া কমন্স
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘটনাটিকে "পরিকল্পিত হামলা" বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে তিনি বলেন, "এটা কোনো দুর্ঘটনা ছিল না। এখানে একটি পরিকল্পিত কাজ করা হয়েছে।" তাঁর ভাষায়, হেইনস "অসম্ভব পরিশ্রমী" এবং "মৌলিকভাবে একজন চমৎকার মানুষ"। ঘটনার পর তিনি হেইনসের পরিবার ও নির্বাচনী এলাকার জন্য সবার দোয়া কামনা করেন।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষই ৪৩ বছর বয়সী চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে। হামলাকারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্তে দেশটির যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী টিম সক্রিয় করা হয়েছে; তদন্তে যুক্ত আছে ফেডারেল পুলিশ, ভিক্টোরিয়া পুলিশ ও গোয়েন্দা সংস্থা এএসআইও। পুলিশ বলছে, ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখা হচ্ছে এবং বৃহত্তর জনগোষ্ঠীর জন্য চলমান কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। পরে হেইনসকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে মেলবোর্নে নেওয়া হয়।
রাজনীতিকদের প্রতি হুমকি বাড়ছে
হেইনসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এমপি হেইনস তাঁর ওয়াঙ্গারাট্টা নির্বাচনী কার্যালয়ের বাইরে একটি ঘটনার শিকার হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সহায়তাকারী পথচারী, স্বাস্থ্যকর্মী ও পুলিশকে তারা ধন্যবাদ জানিয়ে তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেন।
নার্স ও ধাত্রী হিসেবে কর্মজীবন শুরু করা হেইনস ২০১৯ সালে প্রথমবার সংসদে নির্বাচিত হন। তিনি জলবায়ু কর্মসূচি জোরদার এবং রাজনীতিতে স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে অবস্থানের জন্য পরিচিত।
এই হামলা অস্ট্রেলিয়ার রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ফেডারেল পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে রাজনীতিকদের প্রতি হুমকি ও হয়রানি ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫ সালে পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট জানান, গত তিন বছরে সংসদ সদস্যদের বিরুদ্ধে হুমকি দ্বিগুণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরে রাজনীতিকদের বিরুদ্ধে এক হাজারের বেশি হুমকির ঘটনা পুলিশ রেকর্ড করেছে। অ্যালবানিজও স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কের "তাপমাত্রা বেড়েছে"।
সূত্র: আল জাজিরা