ঢাকা, ১৫ অক্টোবর: মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের ডাক ভবনে বিশ্ব ডাক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন ও পুরস্কার বিতরণ করা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দায়িত্বে থাকা ফকির বলেন, প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও লাভজনক করতেই উদ্যোগ নেওয়া হচ্ছে। ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।
ডাকসেবায় আস্থা বাড়ছে
জনগণের মধ্যে ডাকসেবার প্রতি আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এই ধারা ধরে রাখতে সৎভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা ডাক বিভাগে বিনিয়োগ করতে আগ্রহী। আগামী দিনে ডাকসেবার মান, রাজস্ব ও সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি চালুর জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নে কাজ করছে সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, সারাদেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক কাজে লাগিয়ে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ডাকসেবা নিশ্চিত করা হবে। ফ্র্যাঞ্চাইজি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: ডেইলি ওয়াদা