ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয়

আবরার, সিনহা ও নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আপিল শুনানির তারিখ নির্ধারণ

আলোচিত তিনটি হত্যা মামলার আপিল শুনানি দ্রুত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আদালতের অবকাশ শেষে কার্যক্রম শুরু হলে দ্রুত শুনানির ব্যবস্থা নেওয়া হবে।

আবরার, সিনহা ও নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আপিল শুনানির তারিখ নির্ধারণ

ছবি: ডেইলি ওয়াদা

তিনটি মামলাতেই বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স শুনানি সম্পন্ন হয়েছে। আপিল শুনানি শেষে হাইকোর্ট আসামিদের মৃত্যুদণ্ডসহ অন্যান্য দণ্ড বহাল রেখেছেন।

শুনানির তারিখ নির্ধারণ

এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিনটি মামলার চূড়ান্ত আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছে। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক নারায়ণগঞ্জের সাত খুন মামলার শুনানি ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার শুনানি ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন বলে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান।

নারায়ণগঞ্জের সাত খুন মামলা

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

মেজর সিনহা হত্যা মামলা

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। বিচারিক আদালতের রায়ের পর ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। মামলাটি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আবরার ফাহাদ হত্যা মামলা

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নিহত হন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন।