রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আরেক দফা বড় হামলায় কিয়েভ অঞ্চলে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৭ জন। মঙ্গলবার আঞ্চলিক পুলিশের বরাতে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
ছবি: রয়টার্স
ওবুখিভ জেলায় নিহত হয়েছেন তিনজন, আহত ছয়জন। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে গুদামঘর। বুচা জেলায় এক নারী নিহত হয়েছেন, আহত ২১ জনের মধ্যে আটজনই শিশু। শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্ধকারে ১২ অঞ্চল
হামলায় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেনের ১২টি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, জানিয়েছে জাতীয় গ্রিড অপারেটর উক্রএনার্গো। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাতভর এই হামলায় ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। রাতের ওই হামলায় নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছে রয়টার্স।
কিয়েভ-ওডেসা মহাসড়কেও হামলা হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুটি গাড়িতে আগুন ধরে মারা গেছেন তিনজন, আহত চারজন। নিহতদের মধ্যে আছেন একটি শাটল বাসের চালক, যে বাসটি কিয়েভ থেকে জাতীয় সামরিক স্মৃতিসৌধের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল।
রাশিয়ার দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী ওডেসা অঞ্চলের রেনি বন্দরের লজিস্টিক কেন্দ্র, বন্দর অবকাঠামো ও তিনটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। ওডেসার পথে সাগরে আরেকটি বাল্ক ক্যারিয়ারও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তাদের ভাষ্য।
অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ১৩৬টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। তামবভ অঞ্চলে একটি শিল্পকারখানায় আগুন লেগেছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর।
নরওয়েতে জেলেনস্কি
হামলার এই দিনেই নরওয়ে সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অসলোতে তাঁর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্ত্যোরে ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফেরও অসলো যাওয়ার কথা, আর ট্রাম্পের জামাতা জারেড কুশনার ভিডিও কনফারেন্সে যোগ দেবেন বলে জানিয়েছে নরওয়ে সরকার।
জেলেনস্কি চাইছেন আরও প্যাট্রিয়ট আকাশপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং স্টারলিংক স্যাটেলাইট সেবার পূর্ণ গতি। সোমবার মার্কিন আইনপ্রণেতাদের তিনি বলেছেন, তাঁর ধারণা "যুক্তরাষ্ট্রের সমর্থন ধীর করার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও কথা বলেছেন জেলেনস্কি। রুবিও এখন এশিয়া সফরে রয়েছেন। সম্প্রতি রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন জেলেনস্কি। তাঁর মতে, এতে পুতিন আরও উৎসাহ পাবেন।
সূত্র: এপি