ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয়

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী

রংপুরে যাওয়ার পথে হঠাৎ থামল প্রধানমন্ত্রীর বহর। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে বাস থামিয়ে নেমে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন, নিজের মুঠোফোনে তুললেন সেলফি। আর উপহার দিলেন ফুটবল, ক্রিকেট ব্যাটসহ নানা খেলার সামগ্রী।

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী

ছবি: দ্য ডেলটা লেন্স

প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে বিমানবন্দর সড়কে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখে বাস থামান তিনি।

অধ্যক্ষের প্রস্তাব

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানের নানা সমস্যা ও উন্নয়ন-প্রয়োজনের কথা তুলে ধরেন। তিনি জানান, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে স্কুল থেকে কলেজে উন্নীত হয়।

অধ্যক্ষের প্রস্তাব, বর্তমানে এক শিফটে পাঠদান চললেও শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরিতে ডাবল শিফট চালু করা হোক। ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি হোস্টেল এবং একটি অডিটোরিয়াম নির্মাণের দাবিও জানান তিনি। প্রস্তাবসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়।

অধ্যক্ষ বলেন, "প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। একজন প্রধানমন্ত্রী নিজে এগিয়ে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের কথা শুনছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অভূতপূর্ব অভিজ্ঞতা।"

তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং ইতিবাচক সাড়া দিয়েছেন।

আজকের সফরসূচি

সফরসূচি অনুযায়ী, রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহী যাবেন। বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বেলা ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন। বিকেলে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।