মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপ বলছে, ট্রাম্পের কাজে সন্তুষ্ট মাত্র ৩৩ শতাংশ মার্কিনি, আর অসন্তুষ্ট ৬৬ শতাংশ। সংস্থাগুলোর জরিপ ইতিহাসে এটি ট্রাম্পের সর্বনিম্ন রেটিং।
ছবি: হোয়াইট হাউস
জরিপটি প্রকাশিত হয়েছে গত ১৮ অক্টোবর। এপ্রিল ও জুলাইয়ের জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৩৭ শতাংশ; সেখান থেকে তা আরও কমেছে। জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের কাজে দৃঢ়ভাবে অসন্তুষ্ট। গত ১৪ অক্টোবর ফক্স নিউজের জরিপেও ট্রাম্পের সমর্থন ওই নেটওয়ার্কের ইতিহাসে সর্বনিম্ন এসেছে।
মিডটার্ম নির্বাচনের আগে চাপ
ফলাফল এসেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের আসন নিয়ে লড়াই হবে। ক্ষমতাসীন দলের জন্য মিডটার্ম সাধারণত কঠিন হয়; ট্রাম্পের প্রথম মেয়াদের ২০১৮ সালের মিডটার্মে ডেমোক্র্যাটরা হাউসে ৪১টি আসন জিতে নিয়েছিল। এবার অ্যালাস্কা, আইওয়া, ক্যানসাস, মেইন, মিশিগান, ওহাইও ও টেক্সাসসহ একাধিক অঙ্গরাজ্যে সিনেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই রয়েছে।
এনবিসি নিউজের আরেকটি জরিপেও একই চিত্র। সেখানে ৭১ শতাংশ মানুষ বলেছেন, দেশ ভুল পথে চলছে; ট্রাম্পের প্রতি সমর্থন সেখানে ৩৪ শতাংশ, যা তাঁর দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণে তারা ডেমোক্র্যাটদেরই বেছে নেবেন।
অর্থনীতি নিয়েই সবচেয়ে বেশি অসন্তোষ
জরিপে সবচেয়ে বড় অসন্তোষের বিষয় হিসেবে উঠে এসেছে অর্থনীতি। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকায় অসন্তুষ্ট চারজন মার্কিনির মধ্যে প্রায় তিনজন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার অর্থনীতি নিয়ে ডেমোক্র্যাটদের ওপর আস্থা রিপাবলিকানদের চেয়ে বেশি—৪০ শতাংশ বনাম ৩৩ শতাংশ। হাউসের নিয়ন্ত্রণ নিয়ে নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা আট পয়েন্টে এগিয়ে।
জরিপটি গত ৯ থেকে ১৩ অক্টোবর ২,৫৪৫ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর চালানো হয়। এতে ভুলের হার দুই শতাংশের কমবেশি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট