অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনগুলো পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা হয়।
ছবি: প্রথম আলো
কে কোথায় গেলেন
একটি প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আবদুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে আরও ছয়জন অতিরিক্ত পুলিশ সুপারের পদায়ন করা হয়। এতে কিশোরগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে এবং লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
দুজনের আগের বদলি বাতিল
পৃথক আরেকটি আদেশে দুজন কর্মকর্তার আগের বদলি বাতিল করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবিতে সহকারী পুলিশ সুপার পদে বদলির ৩ সেপ্টেম্বরের আদেশটি বাতিল করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। একইভাবে মো. মারেফুল করিমকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশটিও বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।