ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয় নিয়োগ

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কাজী রাকিব

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কাজী রাকিব

ছবি: টাইমস অফ বাংলাদেশ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে অনুযায়ী এই নিয়োগ কার্যকর থাকবে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কে এই কাজী রাকিব

কাজী রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিন মাস বিলুপ্ত থাকার পর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই ১৯ সদস্যের কমিটিতে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক করা হয়েছিল।

প্রজ্ঞাপনের সই

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

জাতীয় পর্যায়ের একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র ইউনিয়নের রাজনীতির পর ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কাজী রাকিবের যোগাযোগ ছিল। তবে ছাত্রদলের কোনো পদে তিনি ছিলেন না বলে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাধিক নেতা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুজন তথ্য ক্যাডার কর্মকর্তাকে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ্দিনকে উপপ্রেস সচিব এবং জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব হিসেবে বঙ্গভবনে পদায়ন করা হয়।