ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
অর্থনীতি

কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাই অর্থনৈতিক সংস্কারের প্রাণ: তিতুমীর

কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শক্তিশালী সামাজিক সুরক্ষা এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাই অর্থনৈতিক সংস্কারের প্রাণ: তিতুমীর

ছবি: ডেইলি ওয়াদা

সোমবার রাজধানীতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

ভঙ্গুর অর্থনীতির চ্যালেঞ্জ

তিতুমীর বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের মধ্যে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে গত আট মাসে জ্বালানি খাতে অতিরিক্ত ৪১২ কোটি ডলার ব্যয় করতে হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে দেশ—নতুন আয়ের উৎস ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আনুষ্ঠানিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ইএসজি প্ল্যাটফর্ম চালু

অনুষ্ঠানে বিজিএমইএ পোশাক কারখানাগুলোতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা পর্যবেক্ষণে নতুন এই প্ল্যাটফর্ম চালু করে। উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উদ্বোধন করা প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে ৩২৬টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

তিতুমীর বলেন, বিশ্ববাজারে শুধু কম দামের পণ্যের ওপর ভর করে প্রতিযোগিতা করা আর সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশগত মানদণ্ড মেনে চলা অপরিহার্য।