ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয় স্বাস্থ্য

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু

অবশেষে কর্মবিরতিতে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু

ছবি: টিওবি নিউজ

মঙ্গলবার রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে। রোগীর স্বজনদের অবাধ প্রবেশ আর দায়িত্বে থাকা আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্নরা প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়ছেন।

প্রাণনাশের হুমকিও এসেছে

সংগঠনের অভিযোগ, এরই মধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে নিরাপত্তার স্বার্থে সাধারণ পোশাকে ওয়ার্ড ত্যাগ করতে হয়েছে। তাদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ডা. এস এম তপু বলেন, "আমরা বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে। আমাদের অন্য দাবিগুলোও যৌক্তিক। দাবি মানলে তবেই আমরা ডিউটিতে ফিরে যাব।"

পাঁচ দফা দাবি

ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম, ইন্টার্নদের সার্বিক নিরাপত্তা, এক রোগীর সঙ্গে সর্বোচ্চ দুই স্বজনের প্রবেশের নিয়ম কার্যকর করা, ভর্তির দিন ও পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা, এই পাঁচ দাবি তুলেছেন আন্দোলনকারীরা। অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ বন্ধ থাকায় সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তারা।

সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের এই অনুপস্থিতিতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে বিপাকে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।