নয়াদিল্লি, ১৫ অক্টোবর: ভারতের বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় দিল্লির মুসলিম ভোটাররা অমুসলিমদের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি হারে ভোটার তালিকার অসঙ্গতির জন্য চিহ্নিত হচ্ছেন বলে দ্য হিন্দুর এক অনুসন্ধানে উঠে এসেছে।
অনুসন্ধান অনুযায়ী, পরিবারের আকার ও আত্মীয়দের মধ্যে বয়সের পার্থক্য-সংক্রান্ত যাচাইয়ে এই বৈষম্য বিশেষভাবে প্রকট। এতে প্রশ্ন উঠেছে, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) স্বয়ংক্রিয় যাচাই পদ্ধতি মুসলিম ভোটারদের অসম হারে কঠোর তদারকির আওতায় আনছে কি না।
অনুসন্ধানের তথ্য
দিল্লির খসড়া ভোটার তালিকায় মোট ৯৭ দশমিক ৫৪ লাখ ভোটার। এর মধ্যে মুসলিম ভোটার ১৩ দশমিক ৬ শতাংশ, কিন্তু ইসিআই যাকে "যৌক্তিক অসঙ্গতি" বলছে তার জন্য চিহ্নিতদের ২০ দশমিক ৩ শতাংশই মুসলিম। সংশোধনী প্রক্রিয়ায় ৩৩ দশমিক ১২ লাখ ভোটারকে নোটিশের জন্য চিহ্নিত করা হয়; ১৩ দশমিক ৭৯ লাখ ভোটারের সঙ্গে আগের সংশোধনীর রেকর্ড মেলেনি; ১৯ দশমিক ৩৩ লাখকে চিহ্নিত করা হয় যৌক্তিক অসঙ্গতির জন্য।
খসড়া তালিকার প্রতি ১০০০ মুসলিম ভোটারের মধ্যে ৩১৮ জন যৌক্তিক অসঙ্গতির জন্য চিহ্নিত হয়েছেন; অমুসলিমদের মধ্যে এই সংখ্যা ১৯৭। অর্থাৎ মুসলিম ভোটারদের চিহ্নিত হওয়ার হার প্রায় ৬০ শতাংশ বেশি।
পারিবারিক সম্পর্ক-সংক্রান্ত যাচাইয়ে বড় ব্যবধান
পারিবারিক সম্পর্ক-সংক্রান্ত পাঁচটি যাচাই মানদণ্ডে মোট ৬ দশমিক ৭৫ লাখ ভোটার চিহ্নিত হয়েছেন, যাদের ৩০ শতাংশই মুসলিম — যা দিল্লির মোট ভোটারে মুসলিমদের অংশের দ্বিগুণেরও বেশি। ছয় বা তার বেশি ব্যক্তি একই ব্যক্তিকে বাবা হিসেবে উল্লেখ করেছেন — এমন ক্ষেত্রে চিহ্নিত ১ দশমিক ৪ লাখ ভোটারের ৫৮ শতাংশই মুসলিম। এই পাঁচ ক্যাটাগরিতে প্রতি ১০০০ মুসলিম ভোটারের ১৫২ জন চিহ্নিত হয়েছেন, অমুসলিমদের মধ্যে মাত্র ৫৬ জন।
অনুসন্ধানে আরও দেখা গেছে, প্রায় ৬০ হাজার ভোটারকে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই চিহ্নিত করা হয়েছে।
সূত্র: ডেইলি ওয়াদা, দ্য হিন্দু