ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
আন্তর্জাতিক

প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করায় যুক্তরাজ্যে বই সরবরাহ বন্ধ স্যালি রুনির

লন্ডন, ১৫ অক্টোবর: ফিলিস্তিনপন্থী একটি সংগঠনকে সমর্থন করার কারণে যুক্তরাজ্যে নিজের বই বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ ঔপন্যাসিক স্যালি রুনি। 'নরমাল পিপল'-খ্যাত এই লেখকের আশঙ্কা — দেশটির প্রচলিত আইন অনুযায়ী বই প্রকাশের চুক্তি বাস্তবায়ন এখন 'গুরুতর ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য হতে পারে।

প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করায় যুক্তরাজ্যে বই সরবরাহ বন্ধ স্যালি রুনির

প্রকাশনা প্রতিষ্ঠান ফ্যাবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার দেওয়া এক বিবৃতিতে বিবিসিকে তিনি বলেন, নিজের বিশ্বাস ও অবস্থান নিয়ে সবসময় সৎ থাকার চেষ্টা করেছেন এবং এর যেকোনো পরিণতি মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত।

ই-বুক প্রত্যাহার, মুদ্রিত কপি বিক্রি চলবে

ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে তাঁর বইয়ের ই-বুক সংস্করণ প্রত্যাহার করা হয়েছে। তবে বইয়ের দোকানগুলোতে থাকা বর্তমান মুদ্রিত কপির মজুত বিক্রিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে শীর্ষ বই বিক্রেতা ওয়াটারস্টোনস। ফ্যাবার জানিয়েছে, প্রচলিত আইনের বাধ্যবাধকতার কারণে তারা রুনিকে তাঁর প্রাপ্য রয়্যালটি পৌঁছে দিতে পারছে না — যা প্রকাশকের কাছে 'অত্যন্ত অনভিপ্রেত ও অন্যায্য' পরিস্থিতি। তাই সম্পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে যুক্তরাজ্যে সব ফরম্যাটের সরবরাহ বন্ধ করা হয়েছে, তবে বিশ্বের অন্য দেশে বিক্রি অব্যাহত থাকবে।

পেছনের কারণ

২০২৫ সালে প্যালেস্টাইন অ্যাকশন নামের ফিলিস্তিনপন্থী সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে যুক্তরাজ্য সরকার। সংগঠনটি গাজায় ইসরায়েলের যুদ্ধের সঙ্গে যুক্ত অস্ত্র কারখানাগুলোকে লক্ষ্য করে আন্দোলন চালিয়ে আসছিল। রুনি জানান, সংগঠনটি যুক্তরাজ্যে নিষিদ্ধ হলেও তাঁর নিজের দেশ আয়ারল্যান্ডে তা নিষিদ্ধ নয়।

গত আগস্টে আইরিশ টাইমসে এক নিবন্ধে তিনি লিখেছিলেন, যুক্তরাজ্যের আইনে অপরাধ হলেও রয়্যালটির মাধ্যমে সংগঠনটিকে সমর্থন জুগিয়ে যাবেন। সে সময় গ্রেপ্তারের আশঙ্কায় যুক্তরাজ্যে একটি পুরস্কার গ্রহণের সফরও বাতিল করেছিলেন তিনি।

প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের অভিযোগে যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন, আর প্রায় ২ হাজার ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা একটি আইনি চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় থাকায় এখনো কারও বিচার শুরু হয়নি।

নিয়েলসনআইকিউ বুকডাটার তথ্যে বিশ্বজুড়ে রুনির বই বিক্রি হয়েছে ৬০ লাখের বেশি কপি, যার ২৩ লাখই যুক্তরাজ্যে। ২০১৮ সালে 'নরমাল পিপল' তুমুল জনপ্রিয়তা পায়, দুই বছর পর এর টিভি সিরিজও দর্শকপ্রিয় হয়। রুনির পদক্ষেপকে 'সাহসী ও নীতিবান অবস্থান' বলে প্রশংসা করেছেন প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড