গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নেমে তীব্র বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠিয়ে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী—সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানিয়েছে একাধিক জাতীয় গণমাধ্যম। তবে ইশরাকের দপ্তর খবরটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে।
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
যেভাবে বিতর্কের শুরু
শনিবার রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস আর অন্য হাতে পিস্তল নিয়ে তিনি একদল লোককে ধাওয়া করছেন; তাঁর সঙ্গীদের হাতেও অস্ত্র দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযানে যাওয়ার আগে পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা জানিয়েছেন, আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। আর ইশরাক সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থলে পৌঁছানোর ১০ মিনিট পর তিনি পুলিশকে সেখানে আসতে বলেন।
সরকারের অস্বস্তি, ইশরাকের অস্বীকার
ঘটনা নিয়ে বিএনপি ও সরকারের ভেতর অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। যেদিন প্রধানমন্ত্রী নিজে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শন করে আইনশৃঙ্খলা নিশ্চিতের নির্দেশনা দিচ্ছিলেন, সেদিনই একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে বলে সূত্রগুলোর ভাষ্য।
এদিকে ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবরকে 'সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উচ্চপর্যায় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং যেসব মাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে, তাদের তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
অন্যদিকে ইশরাক নিজে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য যেকোনো নির্দেশ এলে তা কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক; এমন কোনো সিদ্ধান্ত তাঁর ক্ষেত্রে কার্যকর হলে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাবেন তিনি।