ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
চট্টগ্রাম রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: চট্টগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে চট্টগ্রাম বিএনপির নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে হবে এই বৈঠক।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: চট্টগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ছবি: উইকিমিডিয়া কমন্স

বৈঠকে থাকছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা। দলীয় সূত্রের খবর, প্রায় পাঁচশ নেতাকর্মীর উপস্থিতিতে সীমাবদ্ধ থাকবে এই বৈঠক।

সফরসূচি অনুযায়ী, সামরিক বিমানে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন রহমতগঞ্জের জে এম সেন হলের শারদীয় দুর্গাপূজা মণ্ডপে, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, মণ্ডপ পরিদর্শন করবেন।

মণ্ডপ থেকে সরাসরি চলে যাবেন র‌্যাডিসন ব্লুতে। আগে পরিকল্পনা ছিল সার্কিট হাউসে যাওয়ার, কিন্তু পরে বৈঠকের ভেন্যু বদলে হোটেল র‌্যাডিসন ব্লু নির্ধারণ করা হয়।

ফোকাসে সাংগঠনিক কার্যক্রম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, তিন ইউনিটের নেতাদের নিয়েই হবে বৈঠক।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আলোচনা হবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে। সীমিত সময়ের কারণে প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তব্য নাও দিতে পারেন।

চট্টগ্রামের সংসদ সদস্যরা ও সাংগঠনিক দায়িত্বে থাকা দলীয় নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গত ৯ আগস্ট একই হোটেলে হয়েছিল আগের বৈঠক; এবারের আলোচনায় সেদিনকার অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

দলের ভেতরে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাজিমুর বলেন, বড় রাজনৈতিক দলে প্রতিযোগিতা স্বাভাবিক, এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী দলের সাংগঠনিক বিষয়ে কঠোর নির্দেশনা দেবেন এবং নির্বাচনের আগে দিকনির্দেশনা দেবেন।