প্যারিসের দাঙ্গা এবার ছুঁয়ে গেল ফুটবলের জগৎও। ফ্রান্সের রাজধানীতে চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যে লুট হয়ে গেছে লিওনেল মেসির স্বাক্ষরিত বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড।
ছবি: ডেইলি ওয়াদা
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখঢাকা দুই ব্যক্তি ফ্রেমবদ্ধ জিনিসগুলো ক্যামেরার সামনে তুলে ধরছেন। একটি ফ্রেমে মেসির বিখ্যাত ১০ নম্বর বার্সেলোনা জার্সি, স্বাক্ষরসহ। অন্য ফ্রেমে তাঁর পরা স্বাক্ষরিত অধিনায়কের আর্মব্যান্ড, সঙ্গে মেসির একটি ছবি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর প্লাস দ্য লা রিপাবলিক এলাকার কাছে প্যারিসের একটি ফুটবল সংগ্রহশালা থেকে এই স্মারকগুলো চুরি হয়। তবে ঠিক কোন পরিস্থিতিতে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
কত দাম হতে পারে
চুরি যাওয়া স্মারকগুলোর প্রকৃত মূল্য এখনো যাচাই করা যায়নি। তবে ফুটবল স্মারকের বাজারে মেসির পরা জার্সির দাম আকাশছোঁয়া। ২০২৩ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের সময় তাঁর পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছিল প্রতিটি ১০ লাখ ডলারেরও বেশি দামে, যা ফুটবল স্মারকের রেকর্ড।
সংবাদমাধ্যমের দাবি, কালোবাজারে বিক্রি হলে এই জার্সি ও আর্মব্যান্ডের দাম হতে পারে ৪০ হাজার থেকে ৭০ হাজার ডলার।
চ্যাম্পিয়নস লিগের আগে
এই ঘটনা ঘটল প্যারিস সাঁ-জারমাঁ ও বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ ম্যাচের ঠিক আগে। দুই ক্লাবেই খেলেছেন মেসি।
১৭ অক্টোবরের বিক্ষোভে ফ্রান্সজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ রাস্তায় নামেন। সংঘর্ষে ছয় শতাধিক পুলিশ আহত হন, গ্রেপ্তার হন দুই হাজারের বেশি বিক্ষোভকারী।
বিক্ষোভের আড়ালে লুটপাটও কম হয়নি। দোকানপাটে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় দুর্বৃত্তরা। লিমোজ শহরের ঐতিহাসিক সিটি হল পুড়িয়ে দেওয়া হয়, ক্ষতিগ্রস্ত হয় মার্সেই সিটি হলও। ফ্রান্সের ব্যবসায়ীদের প্রাথমিক ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে কয়েক শ কোটি ডলার।