ঢাকা, ১৮ অক্টোবর: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামের এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল জানিয়েছেন, তাঁর প্রায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হতো।
গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি চট্টগ্রামের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।
পুলিশের ভাষ্য, শহিদুল নিজেকে "শেখ হাসিনা ঐক্য পরিষদ" নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। একই সঙ্গে "চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ", "চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ" ও "ফেনী জেলা-শেখ হাসিনা ঐক্য পরিষদ" নামে আরও কয়েকটি গ্রুপ পরিচালনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের।
তাঁর বিরুদ্ধে "মো. শহিদুল ইসলাম" নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগও করেছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অভিযোগ, শহিদুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছিলেন।
ওসি আরও বলেন, নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল ও সভা আয়োজনের সঙ্গেও শহিদুলের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, শহিদুল ইসলাম ওরফে রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরও দুটি মামলা রয়েছে।