ঢাকা, ১৭ অক্টোবর: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও আদালতের রায়ের বিস্তারিত জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
জানানো হয়নি বাংলাদেশ মিশনকে
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশি নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এই মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে বাংলাদেশ মিশনকে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য জানানো হয়নি।
জেদ্দা কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, গণমাধ্যমে খবর আসার পরই বিষয়টি তাদের নজরে আসে। এরপর বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা এবং আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কী বলেছে সৌদি কর্তৃপক্ষ
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঘটনার পর নিরাপত্তা বাহিনী ওই দুজনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং মামলা পাঠানো হয় উপযুক্ত আদালতে। আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি আইনের তাজির ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে। অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনকে আমলে নিয়ে আদালত এ রায় দিয়েছে বলে দাবি করা হয়। রায় পরবর্তীতে উচ্চ বিচারিক কর্তৃপক্ষ অনুমোদন করে এবং রাজকীয় নির্দেশনার মাধ্যমে কার্যকর করা হয়।
অস্পষ্ট রয়ে গেছে ঘটনার বিবরণ
তবে মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগের নির্দিষ্ট বিবরণ, ঘটনাস্থলের মসজিদটির নাম কিংবা ওই দুজনকে কবে গ্রেপ্তার করা হয়েছিল — এসব বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে মামলাটির পুরো চিত্র এখনো অস্পষ্ট রয়ে গেছে।
জেদ্দা কনস্যুলেট জানিয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক নোট পাঠিয়ে বিষয়টির আনুষ্ঠানিক স্বীকৃতি চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।