সরকারি চাকরিজীবীদের প্রচলিত ভাতা আগের নিয়মেই পরিশোধের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। এতে বলা হয়েছে, যেসব ভাতা মূল বেতনের শতকরা হার অনুযায়ী দেওয়া হয়, সেগুলো কর্মচারীদের ২০২৬ সালের ৩০ জুন তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
ছবি: এসএ টিভি
যাদের জন্য প্রযোজ্য
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে। তবে শর্ত হলো, সংশ্লিষ্ট কর্মচারীকে 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬'-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা প্রাপ্য হতে হবে।
অর্থ বিভাগের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে ১৮ অক্টোবর রোববার প্রজ্ঞাপনটি জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
অস্পষ্টতা দূর হলো
অর্থ বিভাগের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রচলিত নিয়মে ভাতা নির্ধারণ ও পরিশোধের বিষয়ে যে অস্পষ্টতা ছিল, তা দূর হলো। অর্থাৎ, নির্ধারিত তারিখে কর্মচারীরা যে মূল বেতন পেয়েছেন, সেই বেতনের ভিত্তিতেই প্রজ্ঞাপনের আওতাভুক্ত ভাতার হিসাব করা হবে।
প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে থাকা নির্দিষ্ট ভাতাগুলোর বিষয়েই কেবল এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সব ধরনের ভাতা বা বেতন-সুবিধার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে বলে ধরে নেওয়ার সুযোগ নেই। নতুন কোনো নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করতে হবে।