ঢাকা, ১৫ অক্টোবর: মালয়েশিয়া বাংলাদেশের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে — শূন্য খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি সরকার ৩৩৮টি অনুমোদিত এজেন্সিকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যোগ্য কর্মীরা অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে মালয়েশিয়ায় চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং অনুমোদিত কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
৩৩৮ এজেন্সির কাঠামো
অনুমোদিত ৩৩৮টি এজেন্সির মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।
এই ব্যবস্থায় রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় নিয়োগকর্তা শনাক্ত করা, চাকরির অর্ডার সংগ্রহ, বাংলাদেশে কর্মী বাছাইসহ প্রযোজ্য আইন অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। বোয়েসেল ও ২৫টি প্রসেসিং এজেন্সি মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ভিসা কল, ই-ভিসাসহ প্রশাসনিক প্রক্রিয়ায় সহায়তা দেবে। এরপর রিক্রুটিং এজেন্সিগুলো জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রসহ বাংলাদেশের বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে।
স্বচ্ছতা ও প্রতিযোগিতার প্রত্যাশা
সরকারের ভাষ্য, এই ব্যবস্থা যোগ্য এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়াবে, প্রতিযোগিতা ও স্বচ্ছতা আনবে এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় থেকে কর্মীদের রক্ষা করবে। প্রতিটি অনুমোদিত এজেন্সি নিজ লাইসেন্সের অধীনে নিয়োগকৃত কর্মীদের বিএমইটি ছাড়পত্র নিতে পারবে।
সূত্র: ডেইলি ওয়াদা