ঢাকা, ১৬ অক্টোবর: মাথাপিছু জিডিপিতে আবারও ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেজে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৩ অক্টোবর প্রকাশিত আইএমএফের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বর্তমান মার্কিন ডলারের মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৬ ডলারে, যেখানে ভারতের ক্ষেত্রে তা ২ হাজার ৭৫০ ডলার। অর্থাৎ দুই দেশের মাথাপিছু আয়ের ব্যবধান মাত্র ১৩৬ ডলার।
দুই বছর এই অবস্থান
অর্থনীতির আকার প্রায় আট গুণ বড় হওয়া সত্ত্বেও ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশের পেছনেই থাকবে ভারত, বলছে আইএমএফের প্রক্ষেপণ। এর আগে ২০১৮ সাল থেকে টানা সাত বছর ভারতের চেয়ে বেশি মাথাপিছু জিডিপি বজায় রেখেছিল বাংলাদেশ; ২০২৫ সালে ভারত আবার এগিয়ে গেলেও নতুন পূর্বাভাসে বাংলাদেশ পুনরায় শীর্ষে উঠে এলো।
তবে ব্যবধান স্থায়ী নয়
এই অগ্রগতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আইএমএফের হিসাবে, ২০২৮-২৯ অর্থবছরেই ভারতের মাথাপিছু জিডিপি বেড়ে ৩ হাজার ৬৬২ ডলারে দাঁড়াবে, যা বাংলাদেশের ৩ হাজার ৩৩৪ ডলারকে ছাড়িয়ে যাবে। আর ২০৩০-৩১ অর্থবছর নাগাদ ব্যবধান বেড়ে প্রায় ৭০৯ ডলারে পৌঁছাবে; তখন ভারতের মাথাপিছু জিডিপি হবে ৪ হাজার ৩৮৯ ডলার এবং বাংলাদেশের ৩ হাজার ৬৮০ ডলার।
অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু জিডিপি জনপ্রতি গড় অর্থনৈতিক উৎপাদন পরিমাপের সূচক হলেও এটি আয় বণ্টন বা জীবনযাত্রার প্রকৃত মানের নিখুঁত চিত্র দেয় না। ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) হিসাবে এখনো ভারত বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে।
